স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গফরগাঁওয়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও কান্দিরপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে এলাকায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবুল এবং ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি দেশের মানুষের আবেগের অংশ। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি জানান, তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রকল্প চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় খেলার মাঠ নিশ্চিত করতে হবে এবং নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও আর্থিক পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতি ধরে রাখা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

