গণভোটে আইন নয়, সংসদই প্রয়োজন: সালাহউদ্দিন আহমদ

0
150
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

বিশেষ প্রতিনিধি :


গণভোটের মাধ্যমে আইন বা সংবিধান সংশোধন সম্ভব নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এসব পরিবর্তনের জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠন প্রয়োজন। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তির সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানিয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার শাহবাগে ‘নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিলের পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন বা সংবিধান সংশোধন সম্ভব নয়। এ জন্য জাতীয় সংসদ গঠন জরুরি।”

তিনি আরও উল্লেখ করেন, দেশে এমন কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মের অপব্যবহার করে ভোটের রাজনীতি করে এবং নারীর ওপর নিপীড়ন বাড়িয়ে তোলে।

নারী নির্যাতনের প্রসঙ্গে তিনি বলেন, দেশে ক্রমবর্ধমান নারী সহিংসতার বিরুদ্ধে এখনো কার্যকর প্রতিরোধ গড়ে উঠতে পারেনি। কঠোর আইন থাকলেও বাস্তব প্রয়োগ দুর্বল, অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে।
তিনি জানান, কোনো কোনো ক্ষেত্রে কঠোর আইনের অপব্যবহারও ঘটে, যা বন্ধ করা প্রয়োজন।

নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত এই সমাবেশ শেষে নারী অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বক্তব্য রাখেন শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সালাহউদ্দিন আহমদ বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্বের অর্থই হলো নাগরিক অধিকার নিশ্চিত করা। আমাদের পরিচয় একটাই—বাংলাদেশের নাগরিক। এখানে কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক বিভাজন থাকবে না।”

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, বিএনপি তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের মতের বাইরে কোনো প্রস্তাব চাপিয়ে দেওয়া হলে তা তারা নিজেরাই বিবেচনা করবেন।

সমাবেশে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সমাজ, রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here