ইবি প্রতিনিধি :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী সংগঠন পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে। এর মধ্যে বিএনপিপন্থি শিক্ষক সংগঠন ইউট্যাব ও জিয়া পরিষদ, জামায়াতপন্থি শিক্ষক সংগঠন গ্রীন ফোরাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল উল্লেখযোগ্য।
এদিন বাদ যোহর বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শোক পালনকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন।
এছাড়া রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত কয়েকটি নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর মধ্যে ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, ফার্মেসি এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড অন্তর্ভুক্ত রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত হওয়া বোর্ডগুলো যথাক্রমে আগামী ১১, ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এই বাংলা/এমএস
টপিক

