খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

 

জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো খাগড়াছড়িতেও তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থেকে সারা দেশে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা মিলনায়তনে স্থানীয়ভাবে এই মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ২৯৮ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। উদ্বোধনী বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর ফলে জনগণের ভোগান্তি অনেকাংশে কমবে এবং সেবার মান আরও উন্নত হবে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপরা, মং সার্কেলের মংচীফ সাচিংপ্রু চৌধুরী, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার এবং সদর উপজেলা এসিল্যান্ড নুসরাত জাবিন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা উল্লেখ করেন যে, ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে এবং অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ ডিজিটাল সেবাগুলো সহজভাবে উপস্থাপন করতেই এই মেলার আয়োজন। আগামী ২১ মে পর্যন্ত মেলাটি চলবে।

মেলা প্রাঙ্গণে ভূমিসেবা বিষয়ক তথ্য প্রদান, তাৎক্ষণিক সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং ভূমি অফিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here