গাজীপুর প্রতিনিধি :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ভাতা দ্রুত, নিরাপদ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
চুক্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন এবং বিকাশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক ও স্পোর্টস বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিমসহ বিভিন্ন দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন। বিকাশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার রাইয়ান মাহমুদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আনিসুজ্জামান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমঝোতা স্মারকের আওতায় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া প্রতিযোগীরা কোনো প্রশাসনিক জটিলতা ছাড়াই সরাসরি নিজেদের বিকাশ অ্যাকাউন্টে যাতায়াত ভাতা গ্রহণ করতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, এই ডিজিটাল ও ক্যাশলেস ব্যবস্থা চালুর ফলে ভাতা বিতরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি বৃদ্ধি পাবে। পাশাপাশি প্রতিযোগীদের সময় ও ভোগান্তি কমবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।

