কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সদর উপজেলায় বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) বিকেলে সদর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মোঃ সহিদুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ত্রিমোহনী বাজার এলাকায় যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, কুড়িগ্রাম সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি মোঃ আব্দুল হামিদ-এর ভাগিনা রকি (২৭) ও তার সহযোগীরা এ হামলার সঙ্গে জড়িত।
স্থানীয়দের দাবি, এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। কয়েকদিন আগে কালিরহাট বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ওঠে।
বিষয়টি কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবার রহমান-কে জানানো হলে তিনি এর প্রতিবাদ করেন।
অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় মাহবুবার রহমানের ছোট ভাই সহিদুল ইসলাম এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, “বিষয়টি শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

