কুড়িগ্রামে ছয় ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করল সরকার

0
188
কুড়িগ্রাম জেলার ৬ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলায় ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ছয় ব্যক্তির মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করেছে সরকার। সোমবার (২৯ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

গেজেট বাতিল হওয়া ব্যক্তিরা হলেন—ভুরুঙ্গামারী উপজেলার মো. শুকুর আলী ও আব্দুল মালেক, কুড়িগ্রাম সদর উপজেলার মো. আব্দুল হাই সরকার ও মো. নছর উদ্দিন, উলিপুর উপজেলার মো. হাবিবুর রহমান এবং নাগেশ্বরী উপজেলার মো. খবির আলী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নির্ধারিত তদন্ত ও শুনানিকালে অভিযুক্ত ব্যক্তিরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন। ফলে যাচাই-বাছাই শেষে তাদের নাম মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেট ও তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

গেজেট বাতিল হওয়া ব্যক্তিদের একজন, কুড়িগ্রাম সদর উপজেলার মো. আব্দুল হাই সরকার বলেন, তিনি ৬ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন এবং তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। দ্রুত ঢাকা গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নথিপত্র জমা দেবেন বলেও তিনি জানান। কেন তার নাম গেজেট থেকে বাতিল করা হয়েছে, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল বাতেন বলেন, যাদের গেজেট বাতিল করা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে আসছিলেন। গেজেট বাতিলের কারণ সম্পর্কে তারা অবগত নন, তবে বিষয়টি কেন্দ্রীয় কাউন্সিলকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র জানায়, যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) তাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি বাতিলের সুপারিশ করলে সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তা অনুমোদন দেয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here