কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় স্কুলে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মোঃ রায়হান কবিরকে (৩০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রোববার (০১ মার্চ) রংপুর জেলার কাউনিয়া উপজেলায় থানার এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের ওই ছাত্রী (১৫) বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হয়। স্কুল ছুটির পরও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে স্বজনরা জানতে পারেন, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ফতেখাঁ গ্রামের মোঃ আমজাদ হোসেনের ছেলে মোঃ রায়হান কবির ও তার সহযোগীরা মিলে ওই ছাত্রীকে পথ থেকে জোরপূর্বক অপহরণ করেছে। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা রবি চন্দ্র রায় রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযোগ পাওয়ার পর রাজারহাট থানার এসআই বাদশা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। রবিবার কাউনিয়া থানার পাশ থেকে ছাত্রীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মোঃ রায়হান কবিরকে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া স্কুলছাত্রী পুলিশের কাছে অভিযোগ করে জানায়, ‘আমাকে অপহরণের পর একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মোঃ রায়হান কবির আমাকে টানা চার দিন আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে বারবার ধর্ষণ করেছে।’
এ ঘটনায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, ‘অপহৃত ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।’
এই বাংলা/এমএস
টপিক

