কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জে আয়োজিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে খুদে বিজ্ঞানীরা তাদের সৃজনশীল ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছেন। শুক্রবার সকালে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় ১৪টি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোতে আধুনিক প্রযুক্তি, পরিবেশবান্ধব উদ্ভাবন এবং দৈনন্দিন সমস্যার সম্ভাব্য সমাধান তুলে ধরা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চার প্রশংসা করে বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়নে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার অফিসার লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির আখতারুজ্জামান বাদল।
এ সময় কিশোরগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহফুজাল রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে এমন উদ্যোগ আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।

