গাজীপুর প্রতিনিধি :
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজে ঘেরা পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে গাজীপুর মহানগরের গাছা থানার কামারজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহীন মিয়া। এ সময় তিনি নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে মো. শাহীন মিয়া বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির লক্ষ্য হলো দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সবুজে আচ্ছাদিত করা, যাতে শিক্ষার্থীরা নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পায়। বিদ্যালয়কে শুধু পাঠদানের স্থান নয়, পরিবেশ সচেতন নাগরিক গড়ে তোলার কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন্নেছা নাসরিন, শিক্ষক মো. আবুল হোসেন, মো. আব্দুস সামাদ, নুরুজ্জামান আনসারী, মিস সেলিনা খাতুন, রাজিয়া সুলতানা ও শাহানা আক্তার। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও বৃক্ষপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই বাংলা/এমএস
টপিক

