কাঁঠালিয়ায় তিন দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন, প্রশিক্ষণার্থীদের আর্থিক সহায়তা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে তিন দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ৯টায় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাবরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের নগর ও গ্রামের জীবনযাত্রার আধুনিকীকরণ’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

দেশব্যাপী নির্বাচিত ১০৪টি উপজেলার ৫২০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ও এ কর্মসূচির অন্তর্ভুক্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী জমাদ্দার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারের মৌলিক ব্যবহার, ইন্টারনেট, ডিজিটাল নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করবে, যা ভবিষ্যতে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, প্রতিটি বিদ্যালয় থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীকে মোট ১৫ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ-এর মাধ্যমে তাদের নিজস্ব হিসাব নম্বরে ৬৫০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

পর্যায়ক্রমে কাঁঠালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, চেঁচরীরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বলতলা মাধ্যমিক বিদ্যালয় এবং কেবিকে মাধ্যমিক বিদ্যালয়সহ মোট পাঁচটি বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণের আওতায় আসবে।

প্রশিক্ষণকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here