ঝালকাঠি প্রতিনিধি :
“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জাতীয় ফল মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশীয় ফল চাষ সম্প্রসারণ, ফলের বহুমুখী ব্যবহার এবং সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকের আয় বাড়াতে ফল চাষের বিকল্প নেই। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফল সংরক্ষণ করা গেলে সারা বছর ফলের প্রাপ্যতা বজায় রাখা সম্ভব।
বক্তারা আরও বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মেলায় স্থানীয় নার্সারি ও কৃষি উদ্যোক্তারা বিভিন্ন দেশীয় ও বিদেশি জাতের ফল, ফলের চারা এবং কৃষি প্রযুক্তিভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করেন। মেলা ঘুরে দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের উৎসাহিত করা এবং আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

