কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিপন্ন প্রজাতির ময়ূর উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদবেষ্টিত দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি প্রথম নজরে আসে। পরে স্থানীয়রা সেটিকে ধরার চেষ্টা করলে একপর্যায়ে ভুট্টাক্ষেতের জালে আটকে গিয়ে ময়ূরটি আহত হয়। এরপর ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন আহত ময়ূরটিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আশ্রয় দেন। স্থানীয়দের ধারণা, ময়ূরটির ওজন প্রায় চার কেজি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খবর পেয়ে রোববার সকালে উলিপুর উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ময়ূরটি উদ্ধার করে।
উলিপুর উপজেলা বন কর্মকর্তা মো. ফজলুল হক জানান, উদ্ধার করা ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে এর চিকিৎসা দেওয়া হয়েছে।
উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, উদ্ধারকৃত ময়ূরটিকে উন্নত চিকিৎসা ও নিরাপদ সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

