ইবি প্রতিনিধি :
নড়াইল জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী মীর মুগ্ধ সরোবর প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ নবীনবরণ অনুষ্ঠান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি নবীনদের অনুভূতি প্রকাশ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক পর্বের আয়োজন করে সংগঠনটি।
সভাপতি এস এম আরিফ আরমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের রেহনুমা তানজিমসহ নড়াইল জেলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
সভায় সভাপতি আরিফ আরমান বলেন, “বিশ্ববিদ্যালয়ে এসে কোনো গাইড থাকে না। তাই সিনিয়রদের পরামর্শ নিয়ে পড়াশোনা ও গবেষণার কাজে মনোযোগ দিতে হবে। এখানেই নিজেকে গড়ে তোলার সুযোগ।”
অধ্যাপক ড. আবু সিনা বলেন, “বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান উৎপাদনের কেন্দ্র। একাডেমিক রেজাল্টের পাশাপাশি ইংরেজি ও আইটি দক্ষতা বাড়াতে হবে, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ধরে রাখতে হবে।”
উল্লেখ্য, নড়াইল জেলা ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ভর্তি সহায়তা, সাংস্কৃতিক কার্যক্রম ও জরুরি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

