যশোর প্রতিনিধি :
আদর্শিক মূল্যবোধ, সততা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সফল ব্যবসায়ী গড়ে তোলার লক্ষ্যে যশোরে বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ), যশোর-এর আয়োজনে শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শহরের সার্কিট হাউস পাড়ায় অবস্থিত প্রাচ্য সংঘ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিপি আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ যশোরের সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আব্দুল কাদের বলেন, ব্যবসা শুধু মুনাফার মাধ্যম নয়, এটি একটি আমানত ও ইবাদতও বটে।
একজন ব্যবসায়ী যদি নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেন, তবে তার ব্যবসা যেমন টেকসই হয়, তেমনি সমাজও উপকৃত হয়। তিনি বলেন, আদর্শ ব্যবসায়ীরা সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম কুদ্দুস বলেন, ইসলাম ব্যবসাকে উৎসাহিত করেছে, তবে শর্ত হলো সততা, ন্যায্যতা ও মানুষের হক আদায়।
সুদ, প্রতারণা ও অসততা পরিহার করে ব্যবসা পরিচালনা করলে আল্লাহ তায়ালা তাতে বরকত দান করেন।
তিনি ব্যবসায়ীদেরকে সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে খন্দকার রশিদুজ্জামান রাজন বলেন, আইবিডব্লিউএফ-এর লক্ষ্য হচ্ছে আদর্শবান, দেশপ্রেমিক ও মানবকল্যাণমুখী ব্যবসায়ী তৈরি করা।
আমরা চাই ব্যবসায়ীরা শুধু নিজের উন্নয়ন নয়, সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখুক। তিনি বলেন, এমন মতবিনিময় সভার মাধ্যমে অভিজ্ঞ ব্যবসায়ীদের জ্ঞান ও দিকনির্দেশনা নতুন উদ্যোক্তাদের জন্য পথনির্দেশক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা অফিস সেক্রেটারি নূর-ই-আলি নূর আল মামুন, সেক্রেটারি রেজাউল করিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা আদর্শ ব্যবসা, নৈতিকতা, সমসাময়িক ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
সভা শেষে দেশের কল্যাণ, ব্যবসায়ীদের সফলতা ও শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস
টপিক

