আদমপুর ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে নেতাকর্মীদের লিখিত আবেদন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

 

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৬নং আদমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মকাণ্ডকে কেন্দ্র করে দলের সাংগঠনিক ভাবমূর্তি সংকটে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন দিয়েছেন ইউনিয়নের একদল ত্যাগী নেতাকর্মী।

গত ১৩ মে দাখিল করা আবেদনে নেতাকর্মীরা উল্লেখ করেন, ২০২০ সালের ১ নভেম্বর আদমপুর ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি গঠিত হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী একটি ইউনিয়ন নির্বাহী কমিটির মেয়াদ দুই বছর হলেও বর্তমান কমিটির মেয়াদ ২০২২ সালের ১ নভেম্বরে শেষ হয়ে যায়। এরপরও প্রায় তিন বছর ধরে একই কমিটি বহাল থাকায় সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ করা হয়।

আবেদনে আরও বলা হয়, বর্তমান সভাপতি সালাউদ্দিন (ছাওয়াল) ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের বিরুদ্ধে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যা স্থানীয়ভাবে দলীয় ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও বিতর্কের কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে বলেও উল্লেখ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপিতে সাংগঠনিক কোনো কার্যক্রম দৃশ্যমান না থাকায় ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। এতে নতুন নেতৃত্ব তৈরির পরিবেশও ব্যাহত হচ্ছে।

আবেদনকারীরা জানান, বিষয়টি উপজেলা নেতৃত্বকে একাধিকবার মৌখিকভাবে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পূর্বে লিখিত অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় তারা হতাশা প্রকাশ করেন।

দলের সাংগঠনিক গতি ফিরিয়ে আনতে এবং আদমপুর ইউনিয়ন বিএনপিকে ইমেজ সংকট থেকে উত্তরণে দ্রুত বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল জানান, আদমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৭৫ জন সদস্যের মধ্যে ৫৪ জন সদস্যের সাক্ষরিত একটি অনাস্থা পোষণের লিখিত আবেদন পাওয়া গেছে। বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here