ডেস্ক নিউজ :
আচরণবিধি ভঙ্গ করে জরিমানার মুখে পড়েছেন পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম। গত রোববার রাওয়ালপিন্ডিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইসিসি আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ওই ম্যাচের ২১তম ওভারে আউট হওয়ার পর মাঠ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন বাবর। আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ আচরণবিধির ২.২ অনুচ্ছেদে বলা হয়েছে—‘আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের যন্ত্রপাতি কিংবা স্থাপনাগুলোর অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত’—এ ধরনের আচরণ শাস্তিযোগ্য।
ম্যাচ শেষে দুই অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রশিদ রিয়াজ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি অভিযোগ আনেন বাবরের বিরুদ্ধে।
আইসিসি আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি আলী নকভির দেওয়া শাস্তি মেনে নিয়েছেন বাবর আজম। তাই আলাদা শুনানির প্রয়োজন হয়নি। জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার নামে। গত ২৪ মাসে এটি বাবরের প্রথম অপরাধ।
তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন বাবর আজম। ৩ ইনিংসে ১ সেঞ্চুরিতে করেছেন ১৬৫ রান।
এই বাংলা/এমএস
টপিক

