চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর মৌজার সাগরপাড়ে ১৯৪ একর জমির উপর গড়ে ওঠা ডিসি পার্ক নতুন রূপে সাজিয়ে আয়োজন করা হচ্ছে দেশের বৃহত্তম ফুল উৎসব “চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬”। এটি অনুষ্ঠিত হবে চতুর্থবার।
ফুল উৎসবে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের প্রদর্শনী থাকছে। নতুন আকর্ষণের মধ্যে রয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি। দর্শনার্থীরা প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উৎসবে আরও রয়েছে মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেম, মুভি শো, ভায়োলিন শো ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কিত একটি স্টলও থাকবে।
উৎসব ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মোঃ এহছানুল হক, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ, হাসিব আজিজ, পুলিশ কমিশনার (সিএমপি), মোঃ আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম। সভাপতি হিসেবে থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এই বাংলা/এমএস
টপিক

