নাটোর প্রতিনিধি :
সবুজ শক্তির প্রসার ও টেকসই কৃষি ব্যবস্থার লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় অ্যাগ্রিভোলটাইকস (কৃষিবিদ্যুৎ) অন্তর্ভুক্তির দাবিতে নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় এই মানববন্ধনের আয়োজন করে কান্দিভিটা সমন্বয় নারী সমিতি (KASMAS), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (CLEAN) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)।
আয়োজকরা জানান, বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি নীতিতে অ্যাগ্রিভোলটাইকস অন্তর্ভুক্ত করা এবং দেশের Integrated Energy and Power Master Plan (IEPMP)–এ এই প্রযুক্তি যুক্ত করাই ছিল প্রচারণার মূল উদ্দেশ্য।
বিশেষজ্ঞদের মতে, অ্যাগ্রিভোলটাইকস প্রযুক্তিতে একই জমিতে ফসল উৎপাদন ও সৌরবিদ্যুৎ উৎপাদন দুটোই সম্ভব। এতে কৃষকরা অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আয় করতে পারবেন, পাশাপাশি জমির উৎপাদনশীলতা ও পরিবেশের ভারসাম্যও বজায় থাকবে।
কসমসের নির্বাহী পরিচালক মেহেনাজ পারভীন মালা বলেন, “কৃষি ও শক্তির সমন্বয় নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি নীতিতে কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি। সৌর প্যানেলের নিচের ছায়া মাটির আর্দ্রতা ধরে রাখে, যা ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলে।”
তিনি আরও বলেন, এই ব্যবস্থা জমির অতিরিক্ত গরম হওয়া রোধ করে, তাপপ্রবাহের ক্ষতি কমায় এবং কার্বন নিঃসরণ হ্রাসে ভূমিকা রাখে।
কৃষকরা জানান, কৃষিবিদ্যুৎ ব্যবস্থাকে নেট মিটারিং নীতিতে অন্তর্ভুক্ত করা হলে তারা নিজেদের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করতে পারবেন। এতে বিদ্যুৎ বিল সাশ্রয় এবং অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, কৃষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। তারা বলেন, কৃষিবিদ্যুৎ অন্তর্ভুক্তি জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের মতে, অ্যাগ্রিভোলটাইকস ব্যবস্থার প্রসার নবায়নযোগ্য জ্বালানির নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং কৃষকপল্লীর অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।
এই বাংলা/এমএস
টপিক

