অষ্টগ্রামে দুইশত বছরের ঐতিহ্যবাহী বড় শিন্নী উদযাপিত

অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি :

 

 

আজ (১ জুন) আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আদায় এবং হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.)-এর রুহানী ফয়েজ লাভের আশায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী হাবেলি বাড়িতে অনুষ্ঠিত হয়েছে প্রায় দুইশত বছরের পুরোনো চিড়া শিন্নী উৎসব, যা স্থানীয়ভাবে বড় শিন্নী নামে পরিচিত।

ভাটি অঞ্চলের অলী হিসেবে খ্যাত, নয় কোষা জমিদারি ত্যাগী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর বংশধর হযরত সৈয়দ আবদুল করিম আল-হোসাইনী (রহ.) এ রেওয়াজের প্রবর্তন করেন।

সেই থেকে যুগের পর যুগ ধরে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে এ আয়োজন পালিত হয়ে আসছে। প্রতি বছর বোরো ধান কাটার পর অষ্টগ্রাম, পূর্ব অষ্টগ্রাম, দেওঘর ও কাস্তুল এলাকার গাউসে পাকের আশেকানরা সম্মিলিতভাবে হাবেলি বাড়ি আল-হোসাইনী দরবার শরীফে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন।

এ বছরও সকাল ১০টা থেকে দরবার শরীফের মাজার প্রাঙ্গণে শিন্নী তৈরির প্রস্তুতি শুরু হয়। প্রায় ১০ মণ চিড়া, গুড় ও খাঁটি কাঁচা দুধের মিশ্রণে তৈরি করা হয় বিশাল এই তাবারক। ভাটি অঞ্চলের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে দরবার শরীফ প্রাঙ্গণ।

বিকেলে মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানমালার সমাপ্তি ঘটে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন আল-হোসাইনী দরবার শরীফের বর্তমান সাজ্জাদানেশীন মাওলানা সৈয়দ মোমতাজ হাসান আল-হোসাইনী, আল-হোসাইনী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহিবুল হাসান এবং মাওলানা মুফতি মো. আদনান।

অনুষ্ঠানে সার্বিক তদারকি করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু এবং সৈয়দ আহমেদুল কবির প্রিন্স।

সবশেষে দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে আগত ভক্ত ও এলাকাবাসীর মাঝে তাবারক বিতরণের মাধ্যমে বিকেল ৫ টায় উৎসবের সমাপ্তি ঘটে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here