ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামে এক চীনা যুবক। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের তরুণী সুরমা আক্তারের সঙ্গে তার প্রেমের সূত্র ধরেই এই আগমন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সুরমা আক্তারের পরিবার জানিয়েছে, আগামী রোববার (২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা আক্তার মো. তাহের মিয়ার মেয়ে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অপরদিকে ওয়াং তাও চীনের হোয়ানান প্রদেশের বাসিন্দা এবং ইচাং চাওয়ের ছেলে। তিনি গত ৩১ অক্টোবর (শুক্রবার) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এরপর সুরমার পরিবারের সদস্যরা তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরিবারের বরাতে জানা যায়, প্রায় দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামের একটি অ্যাপে সুরমা ও ওয়াং তাওয়ের পরিচয় হয়। এরপর নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলে, দূতাবাসের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে ওয়াং তাও বাংলাদেশে আসেন।
চীনা যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। অনেকে তাকে একনজর দেখতে সুরমার বাড়িতে ভিড় জমান।
সুরমার মা নুরেনা বেগম বলেন, “ভালোবাসার টানে ছেলেটি এত দূর থেকে এসেছে। সে বর্তমানে কোনো ধর্মে বিশ্বাসী নয়, তবে বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করবে বলে জানিয়েছে।”
রোববার আদালতে মুসলিম রীতি অনুসারে তাদের বিয়ে সম্পন্ন হবে বলে তিনি জানান।
এই বাংলা/এমএস
টপিক

