সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
সাটুরিয়া উপজেলা-য় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। শনিবার দুপুরে পরিচালিত এ অভিযানে সরকারি নীতিমালা লঙ্ঘনের দায়ে ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন। এ সময় স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার মান যাচাই করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মামুন উর রশিদ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো: মনিরুজ্জামান, উপজেলা ফুড ইন্সপেক্টর নিলুফা ইয়াসমিন ঝরনা এবং সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুজ্জামান (আসাদ)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিদর্শনকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে সরকারি বিধিবিধান উপেক্ষা করে সেবা প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে কঠোরভাবে নিয়মনীতি মেনে চলার নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং দালালের দৌরাত্ম্য ও হয়রানি বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

