শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহিদদের ত্যাগ স্মরণে “জুলাইয়ের শপথ: সংগ্রাম থেকে সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (১ নভেম্বর) বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা শহিদ হাফিজার রহমান অডিটরিয়ামে ভয়েস অব জুলাই শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ ফাহিম।
প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার এসআই ছাইদুল ইসলাম, ভয়েস অব জুলাই বগুড়া জেলা শাখার সভাপতি আজিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক রশিদুর রহমান রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভয়েস অব জুলাই বগুড়া জেলার সদস্য সচিব নাজমুল হাসান নেহাল, প্রবীণ কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক আব্দুল হালিম, ভয়েস অব জুলাই শিবগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমাইয়া মুস্তাকিম, সদস্য সচিব আবু তাহের, যুগ্ম আহ্বায়ক মোহান, সদস্য সুয়াইব সজিব প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই গণহত্যার বিচার এখনও শুরু হয়নি। শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা প্রয়োজন। জনগণের ন্যায্য অধিকার, সুশাসন এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এই বাংলা/এমএস
টপিক

