কুড়িগ্রাম প্রতিনিধি :
লাখো মুসল্লির সম্মিলিত ‘আমিন আমিন’ ধ্বনির মধ্য দিয়ে শেষ হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চরমোনাই পীর সাহেবের মাহফিলের আদলে অনুষ্ঠিত কুড়িগ্রামের তিন দিনব্যাপী ইজতেমা।
রোববার (২১ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা ব্রিজের পূর্ব পাড়ে আল্লামা ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘোষণা করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে আয়োজিত এই ইজতেমায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে সকাল ৮টায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের সময় কান্নায় ভেঙে পড়েন আগত অসংখ্য মুসল্লি।
মোনাজাতের আগে বয়ানে চরমোনাই পীর বলেন, নামাজ ও রোজার মতোই আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করাও ইবাদাত। তিনি বলেন, ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া ও সমর্থন করা—তাই জেনে-বুঝে সেই সমর্থন দেওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের জন্য আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণের আহ্বান জানান তিনি।
এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে লাখো মুসল্লির অংশগ্রহণে তিন দিনব্যাপী এ ইজতেমার উদ্বোধন হয়। উদ্বোধনী বয়ান করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লি, সাংবাদিক, নিরাপত্তায় নিয়োজিত প্রশাসনের সদস্য, এলাকাবাসীসহ নিপীড়িত বিশ্বের সকল মুসলমানের জন্য দোয়া করেন।
এসময় শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

