ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ওয়েভ সদস্যরা। কর্মশালায় অংশগ্রহণকারীদের জেন্ডার সমতা, নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সামাজিক দায়বদ্ধতা ও সহিংসতা প্রতিরোধে ভূমিকা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই কার্যক্রমে সহযোগিতা করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, পিপল এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়্যার (PAVE) এবং মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS)।
সেশনগুলো পরিচালনা করেন আঞ্চলিক কো-অর্ডিনেটর এসএম রাজু জাবেদ, ফিল্ড কো-অর্ডিনেটর রিজভী উল কবির এবং উপজেলা কো-অর্ডিনেটর হোসাইন আহমেদ কামাল প্রমুখ।
বক্তারা বলেন, টেকসই শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। পারিবারিক ও সামাজিক জীবনে সহিংসতা প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে এবং ছোটবেলা থেকেই সন্তানদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে পারে, কারণ স্থানীয় নেতৃত্ব ও জনগণের সম্পৃক্ততাই সহিংসতা রোধের সবচেয়ে কার্যকর উপায়। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ প্রদান করা হয়।
শেষে সবাই শান্তি, সম্প্রীতি ও সহিংসতামুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
এই বাংলা/এমএস
টপিক

