যশোর প্রতিনিধি :
পুকুর শ্রেণিভুক্ত জমিতে ভবন নির্মাণের নকশা অনুমোদনের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় যশোর পৌরসভা চত্বরে ‘আবাসভূমি শ্রেণি সংশোধন আন্দোলন কমিটি, যশোর’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংগঠনের সদস্য আব্দুল মতিনের নেতৃত্বে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিকরা জানান, তারা জমি ক্রয়ের সময় পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণে কোনো বিধিনিষেধ ছিল না। ২০২২ সালে যশোর পৌরসভায় বাড়ি নির্মাণের জন্য নকশা (প্লান) জমা দেন এবং কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে নির্মাণকাজ শুরু করেন। কিন্তু হঠাৎ করে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া সম্ভব নয়, ফলে কাজ বন্ধ হয়ে যায়।
তাদের অভিযোগ, এই সিদ্ধান্তের কারণে শুধু কয়েকজন নয়—শত শত জমির মালিকের বাড়ি নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে। গত তিন বছরে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, “ঋণ নিয়ে জমি কিনেছি, কিন্তু এখন না ঘর তুলতে পারছি, না জমি বিক্রি করতে পারছি। এতে আমরা চরম বিপদের মধ্যে পড়েছি।”
তারা দ্রুত এই বিধিনিষেধ তুলে নিয়ে পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণের অনুমোদন প্রদানের দাবি জানান। পাশাপাশি দাবি করেন—যদি সরকার অনুমোদন না দেয়, তাহলে এসব জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
এই বাংলা/এমএস
টপিক

