বরিশাল–৫ আসনে দলীয় কোন্দলে থমকে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া

0
128
প্রতিকি ছবি

বরিশাল প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বরিশাল–৫ (সদর) আসনে বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় পর্যায়ের নেতৃত্ব ও গ্রুপ বিভাজনের কারণে দলের মনোনয়ন প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর এলাকায় একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী। প্রত্যেকের নিজস্ব অনুসারী থাকায় কেন্দ্রের কাছে ঐক্যবদ্ধ অবস্থান উপস্থাপন করা সম্ভব হচ্ছে না। এতে কেন্দ্রীয় পর্যায়ে প্রার্থীদের মূল্যায়ন ও চূড়ান্ত মনোনয়ন প্রদানে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত ২৭ অক্টোবর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বরিশালের ছয়টি আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। দলীয় সূত্র জানিয়েছে, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৮টির প্রার্থী প্রায় চূড়ান্ত হলেও বরিশাল–৫ আসনে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন—সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ, সাবেক জেলা সভাপতি এবায়েদুল হক চাঁন, জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিনসহ আরও অনেকে।

স্থানীয় নেতারা অভিযোগ করেছেন, বরিশাল বিএনপির অভ্যন্তরীণ বিভাজন দীর্ঘদিনের। এতে সংগঠনের কার্যক্রম স্থবির হয়ে গেছে। অনেকেই মনে করছেন, এখনই যদি স্থানীয় নেতৃত্ব ঐক্যবদ্ধ না হয়, বরিশাল–৫ আসনে দলীয় পরাজয় প্রায় নিশ্চিত।

কেন্দ্রীয় বিএনপি সূত্র জানিয়েছে, বরিশাল–৫ আসনের প্রার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভক্ত অবস্থায় কাউকেই মনোনয়ন দেওয়া হবে না। কিন্তু কেন্দ্রীয় নির্দেশের পরও স্থানীয় পর্যায়ে কোনো সমঝোতার চিহ্ন দেখা যায়নি। প্রত্যেক মনোনয়নপ্রত্যাশী নিজ নিজভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

একাধিক তৃণমূল নেতা আশঙ্কা প্রকাশ করেছেন, “নেতৃত্বের দ্বন্দ্বের কারণে এলাকায় দলীয় কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। এখনই যদি ঐক্য না হয়, বরিশাল–৫ আসন হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সময় দ্রুত শেষ হয়ে আসছে। স্থানীয় নেতারা এখনই ঐক্যবদ্ধ না হলে বরিশাল–৫ আসনে বিএনপির মনোনয়ন ও নির্বাচনী শক্তি দুর্বল হয়ে পড়বে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here