বন্ধ ইটভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ, শ্রমিক–মালিকদের বিক্ষোভ

0
213
খাগড়াছড়িতে বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়িতে বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইটভাটার শ্রমিক ও মালিকরা। মঙ্গলবার সকালে শহরের শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিক্ষোভের ফলে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা জানান, চলতি মৌসুমে খাগড়াছড়ি জেলায় একটি ইটভাটাও চালু না থাকায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এর ফলে শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্প সম্পূর্ণভাবে থমকে গেছে। পাশাপাশি ইটভাটা সংশ্লিষ্ট জেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ইটভাটা মালিকরা বলেন, ইটের অভাবে সরকারি ও বেসরকারি নির্মাণকাজ বন্ধ হয়ে আছে। তারা পরিবেশগত সকল নিয়ম-কানুন মেনে ইটভাটা পরিচালনার সুযোগ দিতে প্রশাসনের কাছে দাবি জানান।

উল্লেখ্য, পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনার আলোকে খাগড়াছড়ি জেলার সব ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দিয়ে জেলা প্রশাসন সম্প্রতি একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এর পর থেকেই জেলার সব ইটভাটা বন্ধ রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here