পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও হয়নি চার্জশিট, বিচারের দাবিতে মানববন্ধন

0
80
ছবি : এই বাংলা প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ঝেলাগাতি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের কারণে নিহত রোকেয়া বেগমের হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর শহরের টাউনক্লাব সড়কে নিহতের পরিবার ও স্থানীয় মানুষের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মানববন্ধনে নিহত রোকেয়া বেগমের স্বামী আব্দুর রব আকন, দেবর আব্দুল হক আকন, ভাই মোসলেম মোল্লা, মামলার বাদি ও রোকেয়ার কন্যা নাসরিন আক্তার এবং জমিদার আল হেলাল বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং অন্যান্য স্থানীয়রা মানববন্ধনে অংশ নেন।

বক্তারা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং গত ২৮ মে প্রতিপক্ষ পরিবারের হামলায় রোকেয়া বেগম নিহত হন। এই ঘটনায় রোকেয়ার মেয়ে নাসরিন আক্তার কাউখালী থানায় হত্যা মামলা (নং–১৪, তারিখ: ২৮ মে ২০২৫) দায়ের করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়। যদিও পুলিশের হাতে চারজনকে গ্রেপ্তার করা হয়, পরে তিনজন জামিনে বের হয়ে মামলার বাদীপক্ষকে হুমকি দিচ্ছে। এখনও চার্জশিট না দেওয়ায় পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

মানববন্ধনে নাসরিন আক্তার বলেন, “মায়ের হত্যার ছয় মাস পার হয়ে গেলেও আমরা এখনও ন্যায়বিচার পাইনি। ঘাতকেরা রাজনৈতিক আশ্রয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের ভয় দেখাচ্ছে। আমরা দ্রুত চার্জশিট ও বিচার চাই।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, আদালতের রায় থাকা সত্ত্বেও প্রতিপক্ষ পরিবার এখনও দখলকৃত জমি ছাড়ছে না। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত বিচারের দাবি জানান। বক্তারা আরও বলেন, “একজন নিরীহ নারীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে; যদি বিচার না হয়, সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমে যাবে।”

মানববন্ধন শেষে তারা দ্রুত চার্জশিট দাখিল ও আদালতের রায় কার্যকর করার জোর দাবি জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here