বিশেষ প্রতিনিধি :
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। সেখানে নামাজ পড়ার সময় নিজাম প্রামানিক (৬০) নামের এক কৃষককে তার মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামানিক (৩০) কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোববার (২ নভেম্বর) রাত আটটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক মোস্তফাকে আটক করে। এ সময় অভিযানের সময় পুলিশের তিনজন উপপরিদর্শক (এসআই) আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজাম প্রামানিক সন্ধ্যায় বাজারে দুধ বিক্রি করে বাড়ি ফিরে নামাজে দাঁড়ান। সেই সময় তার ছেলে দরজা বন্ধ করে ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পিতার মৃত্যু নিশ্চিত করে পাশের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে।
পরিবারের সদস্যরা সন্দেহ হলে দরজা ভেঙে রক্তাক্ত লাশ দেখতে পান এবং দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার ও অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
অভিযানের সময় মোস্তফার হামলায় এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান ও এসআই আবু রায়হান আহত হন। এর মধ্যে এসআই জিয়াউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের অন্য ছেলে মিজানুর রহমান জানান, তার ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং মাদকের টাকার জন্য পরিবারের ওপর নিয়মিত নির্যাতন করত। তিনি তার বাবার হত্যার কঠোর বিচার দাবি করেছেন।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, “ঘটনার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে লাশ উদ্ধার ও অভিযুক্তকে আটক করেছি। হত্যার অস্ত্রও জব্দ করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক

