নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের ৪–৫টি আসন পুড়ে গেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সোনাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর বাস টার্মিনালের উত্তর পাশে রাস্তার ধারে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস দাঁড় করানো ছিল। সন্ধ্যার দিকে চালক ও চালকের সহকারী বাসটি পার্ক করে দরজা-জানালা বন্ধ করে বাইরে চলে যান। রাত পৌনে ১০টার দিকে সড়ক দিয়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশার যাত্রীরা বাসের ভেতরে আগুন জ্বলতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আগুনে বাসটির ভেতরের ৪ থেকে ৫টি আসন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের চালকের সহকারীরা ঘুমানোর জন্য বাসের ভেতরে মশার কয়েল জ্বালিয়ে বাইরে খাবার খেতে যান। ওই সময় কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ঘটনায় কেউ হতাহত হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

