নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলায় হরিণবের থেকে ফান্দাউক পর্যন্ত ১,৮০০ মিটার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পটি নির্ধারিত সময়ের তিন বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি।
২০২৩-২০২৪ অর্থবছরে সড়কটির নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এখন পর্যন্ত মাত্র ৩০ থেকে ৪০ শতাংশ কাজ সম্পন্ন করেছে বলে স্থানীয়দের দাবি। তবে অভিযোগ রয়েছে, কাজের তুলনায় প্রায় ৯০ শতাংশ বিল উত্তোলন করে দীর্ঘদিন ধরে ঠিকাদার কাজ বন্ধ রেখেছে।
সূত্র জানায়, মোট সাড়ে ৮ কোটি টাকার প্রকল্পের বিপরীতে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকার কাজ সম্পন্ন হলেও ঠিকাদার ৭ কোটি ২১ লাখ টাকা বিল তুলে নিয়েছে। অর্থাৎ কাজের তুলনায় অতিরিক্ত প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে।
এদিকে সড়কটি নির্মাণ না হওয়ায় তিনটি ইউনিয়নের কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বর্ষা মৌসুমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন এলাকাবাসী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় বাসিন্দা রহমত আলী অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের যোগসাজশে ঠিকাদার অতিরিক্ত বিল উত্তোলন করেছেন। কাজের বিষয়ে কথা বলতে গেলে ঠিকাদারের লোকজন হুমকি দেয় বলেও তিনি জানান।
ঠিকাদার খাইরুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রকল্প তদারকির দায়িত্বে থাকা আরিফ হোসেন বলেন, দ্রুত কাজ পুনরায় শুরু করা হবে।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, “আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত বিল আগের কর্মকর্তারা দিয়েছেন।”
ব্রাহ্মণবাড়িয়া জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য চাপ দেওয়া হবে এবং এক মাসের মধ্যে কাজ শেষ করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

