নাটোর প্রতিনিধি :
নাটোর-৩ (সিংড়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন সংগঠনটির জেলা কমিটির সদস্য সচিব ও রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এসএম জার্জিস কাদির বাবু।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১২৫টি আসনে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় নাটোর-৩ আসনে প্রার্থী হিসেবে রয়েছেন প্রফেসর জার্জিস কাদির বাবু।
তিনি সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম গ্রামের মরহুম ডাক্তার ইসমাইল হোসেনের ছেলে।
মনোনয়ন পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রফেসর এসএম জার্জিস কাদির বাবু বলেন, “বিসিএস ক্যাডার হয়ে চাকরিতে যোগদানের পর থেকেই আমার জন্মভূমির মানুষের জন্য কাজ করার ইচ্ছা ছিল। সেই ভাবনা থেকেই রাজনীতিতে এসেছি। শিক্ষিত নেতৃত্ব সংসদে থাকা জরুরি। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সম্মুখযোদ্ধা হিসেবে আজীবন এই জনপদের মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই নাটোর-৩ (সিংড়া) আসন থেকে নির্বাচন করতে চাই।”