নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নাফের বিরুদ্ধে ‘ওএমএস’ (ওপেন মার্কেট সেল) আটা বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। সম্প্রতি এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযোগ অনুযায়ী, আব্দুল মান্নাফ ভোক্তাদের কাছে নির্ধারিত পরিমাণের চেয়ে কম আটা বিক্রি করে স্থানীয় কয়েকজনকে বেশি পরিমাণ সরবরাহ করেন এবং পরে সেই আটা অন্যত্র বেশি দামে বিক্রি করেন।
সূত্র জানায়, ওএমএস ডিলারদের মাধ্যমে চাল-আটা বিক্রয় কার্যক্রম স্থগিত থাকায় খাদ্য অধিদপ্তরের অনুমতিতে উপজেলার বিহারকোল ও ছাতিয়ানতলা বাজারে আটা বিক্রির দায়িত্ব পালন করছেন দুজন ডিলার। এর মধ্যে ছাতিয়ানতলা এলাকার ডিলারের পক্ষে দায়িত্ব পালন করছেন মো. আব্দুল মান্নাফ।
ভুক্তভোগী কৃষক আব্দুল কাদের বলেন, “স্থানীয় কয়েকজনকে আটা দেওয়ার পর তারা অন্য জায়গায় বিক্রি করছে। সাধারণ ভোক্তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আটা পাচ্ছেন না।”
অভিযোগ অস্বীকার করে মো. আব্দুল মান্নাফ জানান, “একই পরিবারের কেউ যদি আটা কিনে অন্য জায়গায় বিক্রি করে, আমি কিছু করতে পারি না। আমি কোনো অনিয়ম করিনি।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা লাভলী খাতুন বলেন, “সরকারি পণ্য একই ব্যক্তির কাছে বারবার বিক্রির সুযোগ নেই। প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন যোগ করেন, “উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বিষয়টি দেখবেন। প্রমাণ পেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”
এই বাংলা/এমএস
টপিক

