স্টাফ রিপোর্টার :
বৃষ্টি উপেক্ষা করে মোকামতলায় বিএনপির কর্মীসভায় অংশ নিয়েছেন হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেলে মোকামতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই কর্মীসভা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে এক অনন্য রাজনৈতিক সমাবেশে পরিণত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আকাশ ভেঙে পড়া বৃষ্টির মধ্যেও মাঠ, স্কুল প্রাঙ্গণ ও বারান্দায় ভিজে শরীরে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শোনেন উপস্থিত জনতা। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার এবং প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেল।
বক্তৃতাকালে মীর শাহে আলম বলেন,
“শিবগঞ্জের মানুষ ধানের শীষকে কতটা ভালোবাসে, আজকের এই বৃষ্টিভেজা কর্মীসভাই তার প্রমাণ। আপনাদের এই আন্তরিকতা ও দৃঢ়তা আমাদের আন্দোলনের শক্তি।”
এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ওপর সরকারের নির্যাতনের বিষয় তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন, এবং অনেক নেতা-কর্মীও অশ্রুসিক্ত হন।
কর্মীসভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতা-কর্মী উপস্থিত থেকে ধানের শীষের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। স্থানীয়রা জানান, মোকামতলায় এত বড় জনসমাগম ও আবেগঘন রাজনৈতিক পরিবেশ দীর্ঘদিন দেখা যায়নি।
এই বাংলা/এমএস
টপিক

