ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি শহরের প্রবেশদ্বারে নির্মিত সৌন্দর্যমণ্ডিত ‘ঝালকাঠি চত্ত্বর’ ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন ফিতা কেটে এর উদ্বোধন করেন।
ঝালকাঠি পৌরসভা কর্তৃক নির্মিত এই ভাস্কর্যটি প্রথম দিনেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং স্থানীয়রা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন।
ভাস্কর্যটিতে জেলার ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন উপাদান তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে বিখ্যাত শীতলপাটি, পেয়ারা ভাসমান হাট, জেলেদের ইলিশ শিকার এবং জমিদার বাড়ির দৃশ্য। এছাড়া প্রখ্যাত কবি কামিনী রায় ও জীবনানন্দ দাশের স্মৃতিবিজড়িত কবিতার শিরোনামও স্থান পেয়েছে এতে। ভাস্কর্যটি নির্মাণ করেছেন স্থানীয় শিল্পী আতিকুর রহমান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ চত্ত্বরের চারপাশে বিভিন্ন ফুলের গাছ রোপণ করা হয়েছে এবং দর্শনার্থীদের বসার জন্য আসনের ব্যবস্থাও রাখা হয়েছে।
পৌর প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, “ঝালকাঠির প্রবেশদ্বার দিয়ে প্রতিদিন বিভিন্ন জেলার মানুষ যাতায়াত করে। এতদিন এখানে জেলার পরিচয় বহনকারী কোনো প্রতীক ছিল না। ‘ঝালকাঠি চত্ত্বর’ সেই অভাব পূরণ করবে। এটি শুধু একটি ভাস্কর্য নয়, বরং একটি বিনোদন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হয়েছে।”
এই বাংলা/এমএস
টপিক

