ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কৈখালী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হকের সমর্থনে এক নির্বাচনী কর্মী সম্মেলন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় চেঁচরী রামপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে কৈখালী বাজার রিয়াজুল জান্নাহ মসজিদ ঈদগাহ মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেঁচরী রামপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. শামীম লস্কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের দিকে এগিয়ে যেতে হবে। ফেব্রুয়ারির আগেই গণভোটের বিরোধিতা করা দুঃখজনক।” তিনি নির্বাচনের আগে একটি সমতল রাজনৈতিক মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরির আহ্বান জানান এবং অস্ত্রমুক্ত দেশ গঠনের দাবি তোলেন।
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি দুর্নীতিমুক্ত, দখলবাজ ও চাঁদাবাজিমুক্ত সংগঠন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি সবসময় কাজ করে যাচ্ছে।” আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হকের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক। তিনি বলেন, “দেশে অন্যায়, অবিচার, দুর্নীতি ও বেকারত্ব দূরীকরণে জামায়াতে ইসলামী জনগণের পাশে রয়েছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা আমির মাস্টার মো. মজিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. সাইয়েদুর রহমান।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কর্মী সম্মেলন শেষে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি বর্ণাঢ্য মিছিল কৈখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এই বাংলা/এমএস
টপিক

