ঝালকাঠিতে খাদ্যবান্ধব কর্মসূচিতে অতিরিক্ত টাকা নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্ধন

0
106
ছবি : এই বাংলা প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কেওড়া ইউনিয়নের সারেঙ্গল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে শনিবার (১ নভেম্বর) ভুক্তভোগী কার্ডধারী ও স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, “নীরব স্টোর”-এ ডিলার মো. জালাল আহম্মেদ সিকদার সরকারের নির্ধারিত প্রতি কেজি ১৫ টাকার পরিবর্তে অতিরিক্ত দামে চাল বিক্রি করেছেন। প্রত্যেক কার্ডে ৩০ কেজি চালের জন্য যেখানে ৪৫০ টাকা নেওয়ার কথা, সেখানে ৫৫০ টাকা নেওয়া হয়েছে, যা ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের কারণ হয়েছে।

স্থানীয় বাসিন্দা আবদুল জব্বার মোল্লা বলেন, “আমার কাছ থেকে ৫৫০ টাকা নেওয়া হয়েছে, অথচ সরকারের নির্ধারিত দাম ৪৫০ টাকা। অন্য অনেকের সাথেও একই অবস্থা হয়েছে।”

কেওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান লাবু বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচিতে এই ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা যাবে না। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

অভিযুক্ত ডিলার জালাল আহম্মেদ সিকদার দাবি করেন, “শহরে কার্ড আনা-নেওয়ার খরচ রয়েছে, তাই ৫০ থেকে ১০০ টাকা নেওয়া হয়েছে।” তবে অতিরিক্ত অর্থ আদায় আইনসঙ্গত কিনা, সে বিষয়ে তিনি স্পষ্টভাবে কোনো উত্তর দিতে পারেননি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বি এম শফিকুল ইসলাম জানান, “এই বিষয়টি আমরা জানি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, “অভিযোগ পাওয়ার পর খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাকে জানানো হয়েছে। ভুক্তভোগীদের অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র কার্ডধারীরা ৩০ কেজি চাল ১৫ টাকা কেজি দরে কেনার সুযোগ পান। চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here