
নিজস্ব প্রতিবেদক :
জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও নাগরিক চেতনা জাগ্রত রাখার লক্ষ্যে রাজধানীতে ‘মুক্তি তোরণ’ ও ‘স্বাধীনতা তোরণ’ নামে দুটি স্থাপনা উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়কে ‘মুক্তি তোরণ’ এবং বাড্ডার বৌদ্ধমন্দিরের সামনে ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধন করা হয়।
আগারগাঁওয়ে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন শেষে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, “এসব তোরণ আমাদের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের স্মৃতি মনে করিয়ে দেবে। সে আন্দোলনে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন। শহরের সৌন্দর্য ও ইতিহাসকে একত্রে ধারণ করতেই এই স্থাপনাগুলো নির্মিত হয়েছে।”
তিনি আরও বলেন, “যেভাবে আমরা অন্যায় ও জুলুমকারীদের দেশ থেকে উৎখাত করেছি, সেভাবেই আমাদের শহর থেকেও অন্যায়, বিশৃঙ্খলা ও নোংরামি দূর করতে হবে। শহরকে অপরিচ্ছন্ন রাখা, ব্যানার-পোস্টারে ঢেকে ফেলা কিংবা সবুজ ধ্বংস করা—এসবও একধরনের জুলুম। এসব থেকে শহরকে রক্ষা করাই এখন আমাদের দায়িত্ব।”
বাড্ডায় ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধনের সময় প্রশাসক এজাজ বলেন, “এই এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে অসীম সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিলেন। তাঁদের সেই সংগ্রামকে স্মরণ ও সম্মান জানাতেই এখানে স্বাধীনতা তোরণ নির্মাণ করা হয়েছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল–৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, অঞ্চল–৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।
এই বাংলা/এমএস
টপিক
