গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উচ্চশিক্ষা খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সেমিনার কক্ষে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক পরিবেশে ‘উপ-প্রকল্পের জন্য আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে আগত প্রকল্প সংশ্লিষ্ট এসপিএম ও তাদের টিম সদস্যসহ মোট ৪১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) ও ইউএটিএফএস-এর প্রধান প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম।
প্রকল্পের সিনিয়র আর্থিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ মনসুরুজ্জামান খান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীদের নিয়ে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে স্বাগত বক্তব্যে প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সঠিক আর্থিক ব্যবস্থাপনা শুধু প্রশাসনিক দক্ষতার বিষয় নয়; এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করে বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্প কার্যক্রমে স্বচ্ছ ও দক্ষ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্টদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে প্রকল্প বাস্তবায়নকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও ফলপ্রসূ করবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠান উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনে আর্থিক অ্যাগ্রিমেন্ট, ডিপিপি, উপ-প্রকল্প ফান্ড ব্যবস্থাপনা, পিপিআর ২০২৫, আরএফকিউ, আয়কর ও ভ্যাট সংক্রান্ত বিধান, বাজেট ও ভাউচার রেজিস্টার সংরক্ষণ এবং ডেবিট-ক্রেডিট ভাউচার প্রস্তুতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রশিক্ষকের সেশন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এতে তারা বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময়ের সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হবে।
উল্লেখ্য, প্রশিক্ষণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
এই বাংলা/এমএস
টপিক

