পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে আহত হয়ে মারা যাওয়া আলী ডাকাতের ঘটনার পর গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পিরোজপুর-বরিশাল সড়কের কাউখালী চৌমাথা এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আবু হানিফ, আঞ্জুমান আক্তার, মো. জাকির মিয়া, মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আলী ডাকাত এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িত ছিল। গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলেও এখন এ ঘটনাকে পরিকল্পিত হত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হচ্ছে। এতে উদ্ধারকারী ও নিরীহ গ্রামবাসীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে।
বক্তারা আরও বলেন, “আমরা চাই প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতায় আসে। কিন্তু নির্দোষ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে।”
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর শিয়ালকাঠী ইউনিয়নে ডাকাতির অভিযোগে ধরা পড়েন মো. আলী হোসেন (৩৮)। স্থানীয়দের গণপিটুনিতে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে পরদিন তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই বাংলা/এমএস
টপিক

