খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিনি ট্রাক ও পর্যটকবাহী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িমুখী একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৫-৩৪৫৪) যৌথখামার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পর্যটনবাহী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাসিব (১৭) নিহত হন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির সামসুল হকের ছেলে। একই মোটরসাইকেলে থাকা তারেক (১৮) গুরুতর আহত হন। আহত তারেক ফটিকছড়ির নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তারেককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার পর মিনি ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
এই বাংলা/এমএস
টপিক

