খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উৎসব শেষ হয়েছে ভক্তিময় পরিবেশে ও মহা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দির ও বিদ্যা নিকেতনের আয়োজনে অনুষ্ঠিত এই পূজায় অংশ নেন হাজারো ভক্তবৃন্দ। তিন দিনব্যাপী এ উৎসবে ছিল বর্ণিল সাজসজ্জা, মনোমুগ্ধকর আলোকসজ্জা এবং নানা ধর্মীয় কর্মসূচি।
সনাতন ধর্ম অনুসারে, কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রী পূজা পালিত হয়—যা দেবী দুর্গার আরেক রূপ হিসেবে পূজিত হন। এ দিনে একসঙ্গে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন হয়। দুর্গাপূজার পরপরই সনাতন ধর্মালম্বীরা এই পূজা উদযাপন করে থাকেন।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়, পরে অনুষ্ঠিত হয় দেবী জগদ্ধাত্রীর পূজা, গীতা পাঠ, আরতি ও মহাপ্রসাদ বিতরণ।
৩০ অক্টোবর রাতে ছিল আরতি প্রতিযোগিতা এবং ধর্মীয় সংগীত পরিবেশনা। চট্টগ্রামের জনপ্রিয় ধর্মীয় ব্যান্ড ‘ডমরু’ ও খ্যাতনামা শিল্পী অলোক দেবনাথসহ তার সহযোগীরা শিব তাণ্ডবসহ নানা ভক্তিমূলক গান পরিবেশন করে ভক্তদের মুগ্ধ করেন।
শেষ দিনে সকালে দশমী পূজা ও পুষ্পাঞ্জলি প্রদানের পর মহাশোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের মাধ্যমে চেঙ্গী নদীতে সম্পন্ন হয় উৎসবের সমাপ্তি।
এই আয়োজনকে ঘিরে খাগড়াছড়ির সনাতনী সম্প্রদায়ের মাঝে ছিল আনন্দ ও ধর্মীয় উচ্ছ্বাসের বন্যা। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই একত্রিত হয়ে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক

