কুড়িগ্রামে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ, সদস্যদের মধ্যে ক্ষোভ

0
139
ছবি : এই বাংলা প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি :


রোববার (২ নভেম্বর ২০২৫) কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৫৪তম সমবায় দিবস উদযাপনের নামে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে সমবায় সমিতির সদস্যদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও উলিপুর উপজেলা সমবায় কর্মকর্তা কে. এম. মাসুদুর রহমান নিবন্ধিত সমবায় সমিতি থেকে প্রায় দুই লক্ষ টাকা আদায় করেছেন বলে অভিযোগ করা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উলিপুর উপজেলায় মোট ৮১টি নিবন্ধনকৃত কার্যকর সমবায় সমিতি রয়েছে। সমবায় দিবস উপলক্ষে শনিবার (১ নভেম্বর) জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণও হয়।

উপজেলার একাধিক সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, সমবায় অফিস থেকে সমবায় দিবস উদযাপনের জন্য তাদের সাথে যোগাযোগ করা হয় এবং সমিতি থেকে আলাদা-আলাদা করে ২ হাজার থেকে ৩ হাজার টাকা করে আদায় করা হয়। এতে প্রায় দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তারা বলছেন, “সমিতির রেজিস্ট্রেশন রক্ষার জন্য টাকা দিতে বাধ্য হই। না দিলে বিভিন্ন অজুহাত দেখিয়ে রেজিস্ট্রেশন বন্ধের হুমকি দেওয়া হয়। শুধু সমবায় দিবস নয়, বিভিন্ন অনুষ্ঠানের নাম ভাঙিয়ে আমাদের কাছ থেকে প্রায়ই অর্থ নেওয়া হয়।”

এই বিষয়ে উলিপুর উপজেলা সমবায় কর্মকর্তা কে. এম. মাসুদুর রহমান বলেন, সমিতির সদস্যদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। সরকারি বরাদ্দ থাকা ২০ হাজার টাকা দিয়ে দিবসটি সম্পন্ন করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, সমবায় সমিতি থেকে টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। কোনো সমিতি যদি ইচ্ছাকৃতভাবে টাকা দিয়েছে, তার খবর আমার নেই। তবে এটি উচিত হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “সমবায় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। সমিতির কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। এটি অনিয়ম এবং বিষয়টি খুঁজে দেখার প্রয়োজন রয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here