ইবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়া রহমানের ইন্তেকাল

0
65
আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন/ছবি - সংগৃহীত

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়া রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ড. ইয়াহইয়া রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ওয়া উলূমুল কুরআন বিভাগ এবং উলূমুত তাওহীদ ওয়াদ দাওয়াহ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯৭ সালের নভেম্বর থেকে ১৯৯৯ সালের অক্টোবর পর্যন্ত তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ছিলেন। ১৯৯১ সালে তিনি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন এবং সিন্ডিকেটের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ ও সফল কর্মজীবনের পর ২০০৯ সালে তিনি অবসর গ্রহণ করেন।

অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী বলেন, “ড. ইয়াহইয়া রহমান আমাদের বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষকদের একজন ছিলেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”

এদিকে, অধ্যাপক ড. ইয়াহইয়া রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘গ্রীন ফোরাম’ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় বলা হয়, “অধ্যাপক ড. ইয়াহইয়া রহমান ছিলেন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও বিজ্ঞ শিক্ষক। ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here