কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে তিনজন ট্রলিচালককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে বালু ব্যবসায়ী চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে বালুবোঝাই তিনটি ট্রলিসহ তিনজন চালককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ফুলবাড়ী উপজেলার সমন্বয়পাড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৯), চন্দ্রখানা গ্রামের মো. মনছুর আলীর ছেলে মো. বাদশা মিয়া (৩৪) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৫)।
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন জানান, ধরলা নদীর চর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এ শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।
এই বাংলা/এমএস
টপিক

