নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রাম থেকে হেলাল উদ্দিন (৬০) নামে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত হেলাল উদ্দিন ওই এলাকার বাসিন্দা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হেলাল উদ্দিন তার স্ত্রী বেদেনা আক্তারের সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রোববার ভোররাতে বেদেনা আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে যান। পরে ঘরে ফিরে তিনি স্বামীকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি পুলিশকে জানায়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

