
বিশেষ প্রতিনিধি :
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলাকে বাংলাদেশের ওপর হামলা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর ওপর হামলা হয়েছে। হামলার ধরন দেখে বোঝা যায়, এটি একটি পেশাদার হামলা এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।
তিনি আরও বলেন, “আমরা ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যকে আমাদের সবচেয়ে বড় শক্তি হিসেবে গড়ে তুলতে চাই। রাজনৈতিক বিতর্ক থাকবে, নির্বাচন সামনে রেখে মতভেদও হবে। কিন্তু সেই বিতর্ক এমন পর্যায়ে যাবে না, যাতে আমাদের জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়।”
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা থেকেই আমাদের রাজনৈতিক অবস্থান। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করবো। এই জায়গায় কোনো আপস নেই।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “পতিত ফ্যাসিবাদকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই—এই ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ থামানো যাবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”
