নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড় ইউনিয়নে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তরিকুল ইসলাম ওরফে ইদ্রিস মিয়ার পরিবারের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে আব্দুল জলিল আলামিন ও তার ভাই শামীম মিয়ার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, পরিকল্পিতভাবে প্রথমে হুমকি, পরে ধান কেটে নেওয়া, এরপর বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এলাকাবাসী জানায়, তরিকুল ইসলাম ও তার বাবা খোরশেদ আলম দলিলমূলে ৩২ শতাংশ জমি কিনে প্রায় ৩৫ বছর ধরে ভোগদখলে আছেন। হঠাৎ করে প্রতিপক্ষ আলামিন ও তার ভাই শামীম সেই জমি দখলের চেষ্টা শুরু করে এবং জোরপূর্বক তরিকুল ইসলামের ক্ষেত থেকে ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ।
অভিযোগে উল্লেখ রয়েছে, হামলাকারীরা তরিকুল ইসলামের বাড়িতে ঢুকে এক ভরি স্বর্ণ ও এক লাখ টাকা লুট করে এবং ঘর ভাঙচুর চালায়। এসময় তরিকুল ইসলামের ভাই হাদিস মিয়ার মেয়ে সুমাইয়ার ৪০ দিনের শিশুকেও ক্ষতির চেষ্টা করা হয় বলে পরিবার দাবি করেছে।
ঘটনার সমাধানে স্থানীয় মুরুব্বীরা শালিশ ডেকেও ব্যর্থ হন, কারণ অভিযুক্তরা শালিশে উপস্থিত হতে অস্বীকৃতি জানান। পরে ভুক্তভোগীরা দুর্গাপুর থানায় লিখিত অভিযোগের পাশাপাশি আদালতে মামলাও দায়ের করেন।
হামলার পর থেকে তরিকুল ইসলাম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এই ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
এই বাংলা/এমএস
টপিক

