নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে নবান্ন উৎসবকে ঘিরে এবারের আয়োজনেও দেখা গেছে এক ব্যতিক্রমী দৃশ্য। সন্তানের আশায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু নিঃসন্তান নারী এসে আশ্রমের শতবর্ষী বটগাছের নিচে ভেজা আঁচল পেতে মানত করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার সকালে শুরু হওয়া দিনব্যাপী উৎসবে আশ্রম প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তদের উপস্থিতিতে। স্নান শেষে ভেজা কাপড়ে আসা নারীরা রঙিন শাড়ির আঁচল বিছিয়ে নিরবে অপেক্ষা করছিলেন। বিশ্বাস অনুযায়ী, বটগাছের কোনো পাতা বা ফল আঁচলে পড়লে তা সন্তান লাভের সৌভাগ্য বয়ে আনে। আশ্রমে কর্মরত এক নারী বৈষ্ণব এসব ভক্তদের দেখাশোনা করছিলেন।
এক নারী ভক্ত জানান, দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ায় লোকমুখে শোনা এই মানতের আশায় তিনি এখানে এসেছেন। আরেক ভক্ত বগুড়া থেকে বিশেষভাবে এসেছেন—তার ভাষায়, সাত বছর ধরে চিকিৎসা করেও ফল পাননি। পরিচিত এক নারী এই মানতের পর সন্তান পাওয়ায় তারও বিশ্বাস জন্মেছে।
আশ্রম কমিটির এক সদস্য জানান, প্রতিবছর নবান্ন উৎসবে এ ধরনের মানত করতে বহু নারী এখানে আসেন। উৎসব শেষে ভক্তদের কলাপাতায় খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয়।
এদিকে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ভেজা কাপড়ে বটগাছের নিচে বসে সন্তানের আশা করা কোনোভাবেই চিকিৎসাগতভাবে গ্রহণযোগ্য নয় এবং এ বিশ্বাসের পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
এই বাংলা/এমএস
টপিক

